এ মুহূর্তের সংবাদ

বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে : জীববিজ্ঞান অলিম্পিয়াডে চবি উপাচার্য

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ]উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে। সর্বক্ষেত্রে তাদের উন্নতি ঘটবে। এজন্য কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। বিজ্ঞানের অন্যতন শাখা হলো জীববিজ্ঞান। শেখার মতো, আবিষ্কার করার মতো জীববিজ্ঞানের অনেক বিষয় রয়েছে।

সেসব বিষয়ে শিক্ষার্থীদের জানার চেষ্টা করতে হবে। এজন্য প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে? জীবনের পরতে পরতে আমি কে, এ প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে অনেক অজানা বিষয়ে বেরিয়ে আসবে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য।

সকাল ৯টা থেকে ১০টায় শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নেয়। এরপর আলোচনা পর্ব শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞানের চমকপ্রদ প্রশ্ন করেন। এরপর নির্বাচিতদের মাঝে মেডেল প্রদান এবং ফটোসেশান অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, জীববিজ্ঞান অলিম্পিয়াড করার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং বিজ্ঞান শিক্ষায় উদ্ধুদ্ধ করা। মাননীয় উপাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল সম্পর্কে বর্ণনা করেন। মাননীয় উপাচার্য মায়েদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনেক ক্ষেত্রে অসামাজিক করে দিচ্ছে, সম্পর্কে দূরত্ব সৃষ্টি করছে। এটা চলতে দেওয়া যায় না। উপাচার্য বলেন, একজন সন্তানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একজন মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাননীয় উপাচার্য আয়োজক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডা. সুজাত পাল এবং চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল এন্ড সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক ফাহমিদা বিনতে ওয়ালি স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি ও জীববিজ্ঞান অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি)।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি) ভলান্টিয়ার, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শেখার ক্ষেত্রে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে ব্যবহারিকসহ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতে হবে।

শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডা. সুজাত পাল, চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি) এবং চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। জীববিজ্ঞান অলিম্পিয়িাড পরীক্ষা পরিচালনা করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিবরান আলম এবং সহযোগিতা করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ৩৫ জন শিক্ষার্থী ও ঢাকা থেকে আগত জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রতিনিধিবৃন্দ।

জীববিজ্ঞান অলিম্পিয়াডে এবারে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মন্দীপ রয়, সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে সিদ্ধার্থ দেব ও জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নবনীতা চৌধুরী। মাননীয় উপাচার্যসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়নদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। এবারের জীববিজ্ঞান অলিম্পিয়াডে চট্টগ্রামের ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷