সুপ্রভাত ডেস্ক »
কক্সবাজারের কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় ডাকাতের কবলে পড়া চার শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৩০ মার্চ) সকালে চার শ্রমিক কুতুবদিয়া লাইটহাউস এলাকা থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থিত কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করা বাণিজ্যিক জাহাজ মেঘনা হোপে কাজের উদ্দেশ্যে যান। পরদিন ৩১ মার্চ বিকাল ৩টায় কাজ শেষে তারা একটি ড্যানিশ বোটে করে চট্টগ্রামে ফেরার পথে একই এলাকায় ডাকাতের কবলে পড়েন।
এসময় এম বি লিউ পার্ট-২ নামের একটি জাহাজের একজন ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডাকাতদের কবলে থাকা বোটসহ চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















































