সুপ্রভাত ডেস্ক »
বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনলাইন ও সশরীর শ্রেণি কার্যক্রম মিলিয়ে (ব্লেন্ডেড) শিক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সরকারি ও বেসরকারি, উভয় ধরনের প্রাথমিক বিদ্যালয় এই পরিকল্পনার আওতায় আসবে।
বুধবার (১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান, প্রাথমিকের বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো প্রাথমিক স্তরেও সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে শ্রেণি কার্যক্রম পরিচালনার একটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এটি আপাতত মন্ত্রণালয়ের পরিকল্পনা পর্যায়ে রয়েছে।
তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ কিংবা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


















































