পুনঃভর্তি ফি আদায় করলেই এমপিও স্থগিত

সুপ্রভাত ডেস্ক »

শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তি হলে পরবর্তী শ্রেণিতে আর ভর্তি ফি নেওয়া যাবে না। যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান একবার ভর্তির পর কোনও শ্রেণিতে দ্বিতীয়বার ভর্তি ফি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল এবং অসদাচরণ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানপ্রধান বা সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা-২০২৬’ এ এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত-সচিব (মাধ্যমিক অনুবিভাগ-২) মো. মিজানুর রহমান বলেন, ‘কোনও প্রতিষ্ঠান নীতিমালা লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে। একবার কোনও ক্লাসে ভর্তি হলে পরবর্তী ক্লাসে উঠলেও  শিক্ষার্থীর ভর্তি ফি নিতে পারবে না। কেউ নিলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা-২০২৬’ গত ৯ ফেব্রুয়ারি জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালার আয় ব্যবস্থাপনা অধ্যায়ে বলা হয়, কোনও প্রতিষ্ঠানে ভর্তিরত কোনও শিক্ষার্থীর কাছে  থেকে কোনও ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ, ও ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক স্তর) ২০২৪ সালের টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি নিতে পারবে।

পুনঃভর্তি ফি আদায় করার অপরাধে শাস্তির বিধান রাখা হয়েছে নীতিমালায়। নীতিমালার ১৪ অনুচ্ছদে বলা হয়— (ক) এই নীতিমালার কোনও অনুচ্ছেদের ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ি থাকবেন এবং অসদাচরণ হিসেবে গণ্য হবে।

(খ) এরূপ অসদাচরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের বিরুদ্ধে বরখাস্ত বা এমপিও বা এমপিও স্থগিত বা অন্য কোনও শাস্তি আরোপ করা যাবে।

(গ) এই বিধিমালা ব্যত্যয়ের ক্ষেত্রে ম্যানিজিং কমিটি/গভর্নিংবডি/অ্যাডহক কমিটি/পরিচালনা কমিটি বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।