নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবি মিয়া গোলাম পরওয়ারের

সুপ্রভাত ডেস্ক »

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন পরবর্তী বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট অবিলম্বে বন্ধ করতে হবে। এসব সহিংসতা বন্ধ না হলে বাংলাদেশ আবারও অভ্যুত্থানের মুখোমুখি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে খুলনা অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, নির্বাচনের ফল ঘোষণায় অনিয়ম ও পরবর্তী সহিংসতা দেশের মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। তিনি বলেন, সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে এবং ফলাফল ঘোষণায় যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তা তদন্তে কোনো টালবাহানা করা উচিত নয়। এজন্য নির্বাচন কমিশন বাংলাদেশকে দ্রুত তদন্তের আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করা হলে তা ফ্যাসিবাদের পথকে স্মরণ করিয়ে দেয়। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে তার পরিণতিও ফ্যাসিবাদের মতোই হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বক্তব্য দেন কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক নেতা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ বাস্তবায়ন হয়নি। সুদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাতভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তাদের সংগঠন কাজ করছে। তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলীয় নেতাদের বিরুদ্ধে সাজানো মামলার ভিত্তিতে দণ্ড দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন।

শেষে তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতা লাভে উচ্ছ্বাস কিংবা পরাজয়ে হতাশ হওয়ার কিছু নেই, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে।