সুপ্রভাত ডেস্ক
নির্বাচনকালীন সময়ে সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সম্পাদক পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠ পর্যাযে কাজ করা সংবাদ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এই প্রেক্ষাপটে, সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে, সম্পাদক পরিষদ রাজনৈতিক দলসমূহের প্রতিও সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করার অনুরাধ জানায়।
বিবৃতিতে সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সময়ে সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুধাবন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে।
















































