সুপ্রভাত ডেস্ক »
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আমরা গত ১৩ দিনে সেটা দৃশ্যমান করতে পেরেছি। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছি।
রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছি। একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে। মানুষের মনে একটা শান্তি আসে এবং নিশ্চয়তা আসে। সেজন্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।
গত ১৩ দিনে কী উন্নত হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা দৃশ্যমান, নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আমরা বলেছি ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সব অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। করা হয়েছে কিনা? আরো দু’তিনটা এরকম ঘটনা হয়েছে। ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা, সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর এসব বিষয়ে, সেটা আশা করি জনগণ এরইমধ্যে বুঝতে পেরেছে। আমি নির্দেশনা দিয়েছি। তদন্তের দায়িত্ব আমাদের। আমরা খুব দ্রুত তদন্তের মধ্য দিয়ে এটা আদালতে চার্জশিট দাখিল করবো। দ্রুততম সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, বিচারকরা বিচার করবেন স্বাধীনভাবে। আমরা আমাদের তদন্ত কার্যক্রমটা আমরা সমাপ্ত করব নির্ধারিত সময়ের মধ্যে খুব দ্রুততার সঙ্গে। আশা করি আমরা এখনো পর্যন্ত আমাদের আন্তরিকতার সঙ্গে সব বিষয়গুলো অ্যাড্রেস করতে পারছি।

















































