নগরের টেরিবাজারে অর্কিড প্লাজা নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে বক্সির বিট এলাকার ১২তলা অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনজন অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুইজনের মৃত্যু হয়।
তিনি উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মুনসুর, ব্যবসায়ী নেতা মো. ফরিদ উদ্দিন, মো. মহিউদ্দিন, মো. ইমরানুল হক, অ্যাডভোকেট মারুফ, আবদুল করিম, কফিল উদ্দিন প্রমুখ।


















































