সুপ্রভাত ডেস্ক »
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ডের একটি দল টেকনাফ থানার শীলবনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


















































