জমকালে আয়োজনে শেষ হলো পিএইচপি কুরআনের আলো গ্র্যান্ড ফিনালে

ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহসিনকে অতিথি ও বিজয়ীদের সাথে দেখা যাচ্ছে

সুপ্রভাত ডেস্ক »

টেলিভিশনভিত্তিক দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন নেত্রকোনার প্রতিযোগী হাফেজ আবদুল্লাহ সাইফ মুনতাহা।

কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যেগে আয়োজিত প্রতিযোগিতার মূল স্পনসর ছিল পিএইচপি ফ্যামিলি। মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।

পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজানে সুরের মূর্ছনায় কোটি দর্শকের হৃদয় জয় করা জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো’এবার পূর্ণ করেছে গৌরবময় ১৮ বছর। প্রতি বছরের মতো এবারও ২৭ রমজানে অনুষ্ঠিত হলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে।

আয়োজকরা জানান, সারাদেশ থেকে প্রায় ২৫ হাজার প্রতিযোগী এবারের আসরে অংশগ্রহণ করেন। কয়েক ধাপের বাছাই শেষে ৩৬ জন প্রতিযোগী নিয়ে ১ রমজান থেকে টেলিভিশন রাউন্ড শুরু হয়। ২৬টি পর্ব অতিক্রম করে সেরা ছয় প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে।

বিচারকদের রায়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হন নেত্রকোনার প্রতিযোগী হাফেজ আবদুল্লাহ সাইফ মুনতাহা। দ্বিতীয়স্থান অধিকার করেন নরসিংদীর প্রতিযোগী হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক এবং তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লার প্রতিযোগী হাফেজ জুনায়েদ খান। পরে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৪ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া চতুর্থ স্থান অধিকারী পান ১ লাখ টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী পান যথাক্রমে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। পাশাপাশি প্রথম তিনজন বিজয়ীকে উমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে ধর্মমন্ত্রী প্রতিযোগীদের কুরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান। অতিথিরা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের প্রতিভা বিকাশ ঘটছে এবং বিজয়ীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পিএইচপি ফ্যমিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, সেভয়ে আইসক্রিম চেয়ারম্যান নিয়াজ আহমেদ, আল আরাফা ইসলামী ব্যাংকের এমডি, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, তাসমিয়া কসমেটিকস’র হাম্মাদ আমিন, বাংলাক্যাট গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) আশিকুজ্জামান, এনটিভি‘র পরিচালক নুরুদ্দীন আহমেদ, শাইখ কারী আহমদ ইউসুফ, পিএইচপি ফ্যামিলির মিডিয়া অ্যাডভাইজার দিলশাদ আহমেদ, মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, হাফেজ মাওলানা মো. জাকারিয়া, হাফেজ জায়েদ বিন ইউসুফ।

এছাড়া কনটেন্ট ক্রিয়েটর জুনায়েদ হাবিব, কুরআনের আলো ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পিএইচপি ফ্যমিলির সহায়তায়‘প্রতিভার সন্ধানে’এই স্লোগান নিয়ে ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজন হয়ে আসছে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতা। ইসলামিক মূল্যবোধ, কুরআনের তিলাওয়াত ও নতুন প্রজন্মকে কুরআনের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ আয়োজন ইতোমধ্যে দেশের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে।