সুপ্রভাত ডেস্ক »
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে অভিযোগহীন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, চট্টগ্রামের মানুষ আবারও প্রমাণ করেছেন—তারা একটি শান্তিপূর্ণ চট্টগ্রাম ও একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়তে চান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ৮টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণাকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের কোথাও কোনো অভিযোগ, অনুযোগ, দুর্ঘটনা বা সংঘাতের ঘটনা ঘটেনি। ফলাফল ঘোষণার পরও কোনো প্রার্থী আপত্তি জানাননি; সবাই শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নিয়েছেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর সময় প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে মাঠ প্রশাসনকে পুনর্গঠন করা হয়। স্বল্প সময়ে নতুন পরিবেশে নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসন সমন্বিতভাবে কাজ করায় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক দাবি করেন, পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন ছিল, তা দূর করতে নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, চট্টগ্রামের নাগরিকরা প্রশাসনের ওপর আস্থা রেখেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীসহ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য ব্যাখ্যা করে সবার সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়।
নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, দেশের মানুষের কাছে বৈষম্যহীন ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জনগণের সেই আস্থার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পরও মানুষ প্রতিকূলতার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন—এই প্রত্যাশায় যে নির্বাচিত প্রতিনিধিরা একটি ভালো দেশ গড়ে তুলবেন। নাগরিকেরা তাদের দায়িত্ব পালন করেছেন; এখন নির্বাচিত প্রতিনিধিদের সেই দায়িত্ব যথাযথভাবে পালনের সময়।


















































