কবিতা

মেঘলায় এক দুপুর

চন্দনকৃষ্ণ পাল

শীর্ষবিন্দু থেকে এক পা দু’পা করে
আসুন ঐ তো ঝুলন্ত ব্রিজ
না হয় দুলে উঠালোই এক দুবার
ঠিক আছে ঐ ঘুরন্ত সিঁড়ি বেয়ে উঠা যাক
দূরন্ত চাতালে, তিন পাহাড়ের কোল ঘেঁষা
ঐ নীল জলে ছায়া দেখা যাক
না হয় বোটে চড়ে এপাশ ওপাশ
দুএকটা ক্লিক চমৎকার স্মৃতি হতে পারে।
ছায়াময় পথ ধরে এগিয়ে এসে
একবার পিছনে তাকালে
বুকের ভেতরে এক মহাশূন্য
খোলে তার অনন্ত হা।

 

যুবামন

বশির আহমেদ

চারিদিকে ফাগুনের সারিন্দা বাজে
বাউরি বাতাসে দোলে সজনের সাদা ফুল
মাথার ওপর কৃষ্ণচূড়া দুপুর
যুবামন রঙিন করে বসন্ত প্রকৃতি,
হৃৎপিণ্ডে লুকিয়ে আছে
অসংখ্য প্রেমিকা বিকেল।
আমার প্রিয় পথ
রাজামেহার থেকে পরিবাহিত
দুপাশে ধানের ক্ষেত,
কত রাত কেটে গেছে এই পথে।
মনের ঝিল্লিতে নিঝুম রাত,
গমনের প্রেরণা যোগায়
লাল ট্যাঙ্কের মোটরসাইকেল!

 

অপেক্ষায়

বজলুর রশীদ

একদিন পৌষের কাছে শিখেছি
হলদে ফুলের মধুমাখা ভ্রমরের গুঞ্জন;
ক্ষেতের কাননে সেজে থাকা
তোমার সোহাগী সৌরভ,
এই খবর আগেই জেনেছিল মৌমাছি
এরও আগে
কত কথা বলে গেছে প্রজাপতি
প্রলুব্ধ বাতাসে গাছের পাতারা ঝরে বেদনায়।

অঘ্রান শেষে ঘোর কুয়াশা গায়ে মেখে
জীবনের খাতায় হিসাব খুলেছি
চাই কিছু তাপের আরতি
চাই আরও কিছু জৈবিক উষ্ণতা;
হয়তো-বা
অপেক্ষায় বৃক্ষগুলো ন্যাড়া মাথায়
বীজে লুকিয়ে আছে যে ফাল্গুনী ফোয়ারা
অনন্য, অনিন্দ্য সুন্দরে
তোমাকে জেগে উঠতেই হবে…

 

পূর্ণতার কথা বলে অপূর্ণতার জলছবি

মিনহাজ উদ্দিন শপথ

লবণের গুরুত্ব কমে গেলে –
রসনায় স্বাদ জাগে না আর
তখন প্রয়োজন পড়ে থাকে অহেতুক
এলোমেলো শব্দরা বুকের ভেতর বাসা বাঁধে মজবুত
পরিচিত মুখগুলো তখন বড়ো বেশি অচেনা দুপুর
সময়ের সীমানায় ব্যস্ততা এতো বেশি নিষ্ঠুর
জানালায় বসন্ত এসে ফিরে যায় বারবার
ভালোবাসা ঠোঁটে সুগন্ধির সুতোয়
গাঁথে না কেউ ফুলসংসার
বুকের পাঁজরে জলের রং কই?
তোমাদের সমুখে যতবার দাঁড়াই
টেনে ধরো না তো ওম সৌরভে
পূর্ণতার কথা বলে অপূর্ণতার জলছবি আঁকো

 

দেখা

ফারহানা খানম

নীরব দুপুরে গাছের ছায়ায়
সবুজ দূর্বা-আঁচলে বসে কি ভাবছিলে?
চোখে রেখে চোখ
যেন অগাধ জলে ডুব দিয়েছো
ঝিনুক সেচে মুক্ত পাবার আশায়
ডুব দিয়েছ আমার গভীর গহন মনে
দ্রুপদি সে সময়ে
দক্ষিণা বাতাস ছুঁয়ে গেল
তোমায় আমায় স্পর্শ সুখে কেঁপে
উঠি দুজনেই
তখনো তুমি মগ্ন ভাবনা জলে।
চোখের কোলে মুক্তো ছিল দেখনি তুমি
নিখাদ খুশির ঝিলিক ছিল চোখের তারায়
চেয়ে দেখনি…
তুমি মগ্ন ছিলে সাগর সেঁচা মুক্তো
খোঁজার নেশায় …।