ইরানে ঝুঁকিতে থাকলে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে সরকার : শামা ওবায়েদ

সুপ্রভাত ডেস্ক »

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যদি জীবনের ঝুঁকিতে পড়েন, তবে তাদের অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

ইরানে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি আছেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী। তিনি বলেন, ‘আজকে পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, তারা নিরাপদে আছেন। তারা সেখানে অনিরাপদে নেই। তেহরান মিশনের সাথে সর্বদা তাদের যোগাযোগ আছে। তারা যদি কোনো জীবনের ঝুঁকিতে থাকে, তাহলে অবশ্যই আমরা ফিরিয়ে আনব।’

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রত্যাবর্তনের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বারবার বলে আসছে যুদ্ধ বন্ধ হোক এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান হোক। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মিশনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সবার ফেরত আসা সম্ভব নয়। তবে যারা আসতে আগ্রহী তারা যেন আসতে পারে, সেজন্য কাজ করছি।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২০ মার্চ একটি চার্টার্ড ফ্লাইটযোগে ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও জানান প্রতিমন্ত্রী।