সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ইসলামী ইঞ্জিনিয়ারিং ইলেকশনের ফলাফল অনেক কষ্টে মেনে নিয়েছে। কারণ আমরা দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই।
শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম প্রাঙ্গণে জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ইয়াসির আরাফাত, সংসদ সদস্য কামাল হোসেন প্রমুখ।
তিনি বলেন, জামায়াত ইসলামী ইঞ্জিনিয়ারিং ইলেকশনের ফলাফল অনেক কষ্টে মেনে নিয়েছে। কারণ আমরা দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। যারা সরকারের ক্ষমতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, তারা বিবেকের দংশনে নিশ্চয় দংশিত হবেন। ওই সময় আপনি (খলিলুর রহমান) এই চেষ্টা করছেন বলেই আজ পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন। আপনার সার্ভিসে সরকার এতই সন্তুষ্ট হয়েছে। এর আগে কোনো নির্দলীয় সরকারের ক্ষেত্রে আমরা এমন নজির দেখিনি। এই মহব্বতের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে।
গোলাম পরওয়ার বলেন, একটি নির্বাচিত সরকারের কাজ হলো যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের দিয়ে দেশ চালানো। শুরু থেকেই আপনি সেই গণতন্ত্রের পথে হাঁটতে পারলেন না। সবখানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। একটু সংযত হোন। ৫ আগস্ট আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। প্রশাসনিক পরিবর্তন করতেই পারেন, কিন্তু জুলাই সনদকে আপনারা এড়িয়ে যাচ্ছেন। আমরা সব অন্যায়ের প্রতিবাদ করবো, ন্যায়ের পক্ষে থাকবো।

















































