সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী।
বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
দায়িত্ব নেওয়ার পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। এ সময় তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ও প্রশাসন-অর্থের দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে দায়িত্ব পালন করেন।
সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি, লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


















































