সুপ্রভাত ডেস্ক
জাতীয় সংসদ ভবন এলাকায় তীব্র পানি সংকট ও সরবরাহ করা পানির মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি জানিয়েছেন, গত দুই তিন দিন ধরে সংসদ ভবন এলাকায় ঘোলা পানি সরবরাহ করা হচ্ছে, যা পান করে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ হুইপ।
পানি সংকটের চিত্র তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, সংসদ এলাকায় পানির সমস্যা খুব বেশি। আমরা গত দুই তিন দিন ধরে ঘোলা পানি পাচ্ছি। এই পানি পান করার কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। আমরা সরকারকে এই ঘোলা পানির সমস্যার সমাধানের জন্য বলব।
তিনি আরও জানান, সংসদ এলাকায় দৈনিক ১ কোটি লিটার পানির চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ২৭ লাখ লিটার। চাহিদার তুলনায় এই বিশাল ঘাটতির কারণে সংকট ঘনীভূত হচ্ছে।
বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



















































