সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম মহানগরীতে বিএসটিআইয়ের অভিযানে দুটি পেট্রোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়
অভিযানে নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।
এদিন নগরের কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামীয় পেট্রোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(৩) ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ৪৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার।
এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয় দায়িত্ব পালন করেন।


















































