সুপ্রভাত ডেস্ক »
চলতি পবিত্র রমজান মাসে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম সিরাজগঞ্জ সফর। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মন্ত্রী বলেন, পবিত্র রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ ব্যবস্থা একটি কারিগরি বিষয় হওয়ায় মাঝে মধ্যে ছোটোখাটো ত্রুটি বা ফল্ট দেখা দিতে পারে। তবুও অধিকাংশ সময় সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, রমজানের পরপরই কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল শুরু হবে। বিদ্যমান সক্ষমতা দিয়েই সরকার চেষ্টা করবে যাতে কৃষি উৎপাদন ও জনজীবনে বিদ্যুতের কোনো সংকট তৈরি না হয়।
দায়িত্ব পালনের চ্যালেঞ্জের বিষয়ে মন্ত্রী টুকু বলেন, আগের বকেয়া বিল এবং বিপুল পরিমাণ জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মিলিয়ে এটি তাঁর জন্য বড়ো একটি অগ্নিপরীক্ষা। তবুও জনগণকে সুফল দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান তিনি।
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।















































