জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক জানান, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও কর্ণফুলীসহ জেলার একাধিক কেন্দ্র পরিদর্শন করা হয়েছে, যেখানে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি, বাংলাদেশের পক্ষেও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্ভব।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন, ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।




















































