ভোটকেন্দ্রে ষাটোর্ধ্ব দাদি, ক্যানসার আক্রান্ত বৃদ্ধা

সুপ্রভাত ডেস্ক »

বয়স ও অসুস্থতাকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসেছেন নগরের খুলশী থানার আমবাগানের বাসিন্দা ষাটোর্ধ্ব বিউটি দাশ। হাঁটতে কষ্ট হলেও নাতনি সিন্ধু দাশকে সঙ্গে নিয়ে তিনি হাজির হন খুলশী রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুল ভোটকেন্দ্রে।

ভোটকেন্দ্রের সামনে কথা হয়। বিউটি দাশ বলেন, শারীরিক অবস্থা ভালো না থাকায় পরিবারের সদস্যরা ভোট দিতে আসতে নিষেধ করেছিল।

কিন্তু সুন্দরভাবে ভোট হচ্ছে শুনে নাতনিকে নিয়ে চলে এলাম। আগে তিন-চারবার ভোট দিয়েছি। তবে এবার পরিবেশ আগের চেয়ে ভালো মনে হচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পারব বলে আশা করছি।
 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিন্ধু দাশ জানায়, দাদিকে হাত ধরে ভোট দিতে নিয়ে এসেছি। দাদি ভোট দিতে পেরে খুব খুশি। আমারও ভালো লাগছে। কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে, ক্যানসার আক্রান্ত চল্লিশোর্ধ্ব আমেনা বেগম লাঠি হাতে নাতনি তাবাসসুমকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন একই কেন্দ্রে। প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম দাদিকে সহায়তা করে কেন্দ্রে নিয়ে আসে।

আমেনা বেগম বলেন, আমি ক্যানসার আক্রান্ত। শারীরিকভাবে খুব একটা ভালো নেই। তবুও নাতনিকে নিয়ে ভোট দিতে এসেছি।

ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। 

সকাল সোয়া নয়টার দিকে খুলশী রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিঠু ভৌমিক বলেন, আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এটি একটি মহিলা ভোটকেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।