সুপ্রভাত ডেস্ক »
অধস্তন আদালতের ২৮ বিচারককে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় শোকজ, সুপ্রিম কোর্ট সচিবালয়, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল ল‘ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হোসেন এই প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী উপায়ে ফ্যাসিস্ট আমলে প্রণীত একটা সার্কুলারের আলোকে শোকজ করা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০১৭ অনুসারে বেআইনী ও সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। আমরা এহেন শোকজকে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের ভয় দেখানোর কৌশল মনে করছি। অবিলম্বে বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে বিচারকদেরকে করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের উপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স এর সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার এরশাদুল বারী, মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহাবুল বাশার, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট আশরাফী সানজিদা প্রমুখ।


















































