বাকলিয়ায় মোটরসাইকেলের সংঘর্ষে কাতারপ্রবাসী নিহত

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দিবাগত রাতে থানার নতুন ফিশারিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা। তিনি মনিরুজ্জামানের ছেলে এবং তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি প্রায় ১৮ বছর ধরে কাতারে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এসময় নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফিশারিঘাট এলাকার শ্রমিক মো. জাহেদ হোসেন বলেন, আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে গিয়ে দেখি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোলায়মান নামে একজন গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে একই এলাকার আতর আলী শাহ মাজারসংলগ্ন এলাকার আবুল কালামের মেয়ে ডলি আক্তারকে বিয়ে করেন সোলায়মান। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। বড় ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে (১২) এবং ছোট ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে (৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।