সুপ্রভাত ডেস্ক »
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে দেখা যায়।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর সকালে ইঞ্জিনিয়ার নুর আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
এছাড়া জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন সকালে তার নিজ কেন্দ্র দক্ষিণ পাইন্দং মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সরওয়ার আলমগীর সাংবাদিকদের বলেন, ২০১৪ সালে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়েছিলাম, এরপর আজ আবার ভোট দিলাম। এটাই আমার শেষ ভোট। আমার মার্কা ধানের শীষ, শহীদ জিয়ার মার্কা ধানের শীষ, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, তারেক রহমানের মার্কা ধানের শীষ।
কাল সারারাত দেখেছেন, ওরা চিন্তা করেছিল আওয়ামীলীগ যেভাবে আগের রাতে ভোট নিতো-সেভাবে করবে, কিন্তু বাংলাদেশের মানুষ আজকের দিনটার জন্য অপেক্ষা করেছে ১৭ বছর। আজ তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে। গত রাতে ছিল ঈদের আমেজ, আজ ঈদ হচ্ছে।
বাবু নগর উচ্চ বিদ্যালয় বোর্ড স্কুলে (কেন্দ্র নং ৯২) মোট ভোটার ২,৪৩০ জন (পুরুষ)
সকাল ৯টা পর্যন্ত ১৫৫টি ভোট গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মো. আহমদ উল্লাহ। ৯১ নং কেন্দ্র, বাবু নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে মোট ভোটার ২,২৮৫ জন। এই কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ৭০টি ভোট গ্রহণ করা হয়েছে বলে জানান কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ছিলেন প্রভাষক এন এম রহমত উল্লাহ। কেন্দ্র নং ৯০, বাবু নগর মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৫,১৮০ জন। সকাল ১০টা পর্যন্ত ৮০০টির বেশি ভোট গ্রহণ করা হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার রেজাউল করিম।
এই কেন্দ্রের ভোটার মোহাম্মদ আলী (৬৭) জানান, দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। অন্য ভোটাররাও জানান, তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারায় সন্তুষ্ট।