প্রাথমিকের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭ ক্রীড়া ইভেন্ট

সুপ্রভাত ডেস্ক »

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতার—এমন সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে প্রকাশিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো দুটি পৃথক চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সাঁতার— সাতটি ক্রীড়া ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এই সাতটি ইভেন্ট শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।