সুপ্রভাত ডেস্ক »
ঢাকার পুলিশ কমিশনার হিসেবে নতুন কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত ওই দায়িত্ব সামলাবেন অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।
পুলিশ কমিশনারের পদ থেকে শেখ মো. সাজ্জাত আলীর ইস্তফা দেওয়ার পরদিন অ্যাডমিনের দায়িত্ব সামলানো সরওয়ারকে নতুন দায়িত্ব দিল পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সরওয়ার সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের রদবদলের মধ্যে বুধবার দায়িত্ব থেকে সরে যান শেখ মো. সাজ্জাত আলী।
‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠান।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।
পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।
কমিশনার অব্যাহতি নেওয়ার পরদিনই অতিরিক্ত কমিশনারকে ওই দায়িত্বে বসালেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির, যিনি বুধবারই বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।




















































