দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সাধারণ মানুষের জন্য বড় আশার নাম টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)। বাজারের চড়া দাম থেকে বাঁচতে একটু কম মূল্যে নিত্যপণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের শেষ ভরসা এখন টিসিবির ট্রাক বা ডিলার পয়েন্ট। কিন্তু বর্তমানে এই ভরসা পরিণত হয়েছে এক চরম ভোগান্তিতে। টিসিবির পণ্য কিনতে গিয়ে মানুষ যেভাবে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে, তা কেবল বিড়ম্বনাই নয়, বরং সাধারণ মানুষের মর্যাদার ওপর এক ধরনের আঘাত হিসেবেও দেখা দিচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সরেজমিনে দেখা যায়, ট্রাক আসার অনেক আগে থেকেই লাইনে দাঁড়াচ্ছেন শত শত মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক সময় পণ্য না পেয়েই খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বিশেষ করে নারী, বৃদ্ধ এবং শ্রমজীবী মানুষের জন্য এই দীর্ঘ প্রতীক্ষা অসহনীয় হয়ে উঠেছে। লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ এমনকি হাতাহাতির ঘটনাও এখন নিত্যনৈমিত্তিক।
ভোগান্তির মূল কারণ হিসেবে বলা যায়, চাহিদার তুলনায় পণ্যের বরাদ্দ অত্যন্ত কম। ডিলার পয়েন্টগুলোতে শৃঙ্খলার অভাব এবং কার্ডধারী সবার পণ্য নিশ্চিত না হওয়া। অনেক ক্ষেত্রে পণ্য কালোবাজারে চলে যাওয়ার অভিযোগও শোনা যায়।
টিসিবি কেবল একটি সরকারি সংস্থা নয়, এটি আপৎকালীন সময়ে সাধারণ মানুষের রক্ষাকবচ। এই সেবাকে জনবান্ধব করতে পাড়া-মহল্লায় ভ্রাম্যমাণ ট্রাকের সংখ্যা এবং স্থায়ী ডিলার পয়েন্ট আরও বাড়াতে হবে যেন মানুষকে মাইলের পর মাইল হাঁটতে না হয়।ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ করতে হবে। কিউআর কোড বা ডিজিটাল ডাটাবেজ ব্যবহার করে নিশ্চিত করতে হবে যেন প্রকৃত হকদাররাই পণ্য পান। জনসমাগম কমাতে প্রযুক্তির সহায়তায় ওয়ার্ডভিত্তিক নির্দিষ্ট সময় নির্ধারণ বা অনলাইন অর্ডারের পাইলট প্রকল্প শুরু করা যেতে পারে।
সে সঙ্গে ডাল, তেল বা চিনির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও এর আওতায় আনা দরকার এবং পণ্যের মান নিশ্চিত করা জরুরি।
টিসিবির পণ্যের জন্য মানুষের এই হাহাকার প্রমাণ করে সাধারণ মানুষ কতটা চাপে আছে। মানুষের এই অসহায়ত্বকে পুঁজি করে যেন কোনো অব্যবস্থাপনা না জেঁকে বসে, সেদিকে সরকারের কঠোর দৃষ্টি দিতে হবে। আমরা চাই না মানুষ রোদে পুড়ে, লাইনে দাঁড়িয়ে ধস্তাধস্তি করে পণ্য কিনুক। বরং একটি সুশৃঙ্খল ও সম্মানজনক ব্যবস্থার মাধ্যমে টিসিবির সেবা প্রতিটি দুয়ারে পৌঁছাক।
এ মুহূর্তের সংবাদ

















































