গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

সুপ্রভাত ডেস্ক »

গৌরব আর অহংকারের ৫৬তম স্বাধীনতা দিবসে বাংলাদেশ ও বিশ্বের বাঙালি সম্প্রদায়কে বিশেষ সম্মান জানালো জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

আজ ২৬ মার্চ প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে দেখা যাচ্ছে এক মনোমুগ্ধকর ‘ডুডল’। নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ছে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা।

ডুডলটিতে দেখা যাচ্ছে, সবুজের মাঝে লাল বৃত্ত সংবলিত বাংলাদেশের জাতীয় পতাকাটি গর্বের সঙ্গে উড়ছে। এর ওপর কারসর রাখলে বা ক্লিক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ স্বাধীনতা দিবস ২০২৬’ এর সঙ্গে নিচে আরও লেখা আছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের বার্ষিক ডুডলে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা দেখানো হয়েছে’।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ দিবস ও উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মানে গুগল এই ধরনের ডুডল প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে গত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে এমন ডুডল তৈরি করছে তারা।