সুপ্রভাত ডেস্ক »
কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা যেন উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসমুখর ইলেকশন হবে।
একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে এমন অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমাকে দিও, দেখবো। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা খতিয়ে দেখবো।
বিভিন্ন জেলায় এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে—এ বিষয়ে জানতে চাইলে বলেন, ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করবো না। আরও যেন শান্তিপূর্ণ হয় সেটিই আমি জনগণের কাছে প্রত্যাশা করবো।
কেন্দ্র দখল প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি। সাংবাদিকরা সত্যি সংবাদটা দিলে দেশবাসীসহ সবাই উপকৃত হবে।



















































