নামফলক
জাফর ওবায়েদ
তোমার উজ্জ্বল নামফলকের পাশে বসে থাকি
পিতৃহারা বেফানা এতিম সন্তানের মতো।
বিলাপ ছাপিয়ে কবরের মাটি হাতে, পড়ি, দরুদ-সালাম।
তুমি কে? কে তুমি?
পিতা নাকি সূর্যরশ্মি?
উত্তাপ নাকি ছায়া গো?
নাকি, শ্বাসরুদ্ধ সাত কোটি মানুষের, অক্সিজেন?
শূন্য এ-ঘর, শূন্য হৃদয়, শূন্য সিথানের মায়া-
তবু বসে থাকি, বসন্তের প্রতীক্ষায় যেমন কোকিল।
ফুটবে সত্যের ফুল
ভ্রমরের গুঞ্জরণ
বাজবে মাটির গান
অন্তহীন গরিমায় অঙ্কিত মানচিত্রের শরীর ছুঁয়ে
তোমার উদ্ধত তর্জনীর, দৃঢ়তর ভাষা।





















































