আবুল খায়ের স্টিলে হামলা-ভাঙচুরের ঘটনায় ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় আবুল খায়ের স্টিল লিমিটেড কারখানায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। রোববার (১ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক একটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল কারখানার দক্ষিণ পাশ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তাদের উদ্দেশ্য ছিল কারখানায় লুটপাট চালানো। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও কর্মচারীরা বাধা দিলে হামলাকারীরা পাশের রেললাইনের দিকে অবস্থান নিয়ে কারখানার ভেতরে পাথর নিক্ষেপ শুরু করে।

পরবর্তীতে হামলাকারীরা প্রধান ফটকের দিকে এগিয়ে এসে নিরাপত্তা গেট, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। হামলার ঘটনায় অন্তত চারজন কর্মচারী আহত হন। পরে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মো. ইমরুল কাদের ভূঁইয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৭ জনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।