ঘোষণা ছিল ১ নভেম্বর থেকে, কিন্তু নানা জটিলতায় অপেক্ষা করতে হয়েছে আরও পাঁচ দিন। অবশেষে বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটকবাহী জাহাজ। প্রথম দিনে এমভি বার আউলিয়ায় চড়ে প্রবাল দ্বীপের পথে রওনা হয়েছেন ৮৩৬ পর্যটক।
সকাল সাড়ে ৭টায় নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট ছাড়ে জাহাজটি। দীর্ঘ বিরতির পর সমুদ্রপথে সেন্টমার্টিন যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পর্যটকেরা।
এবারের পর্যটন মৌসুমে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। তবে প্রথম দিন চলেছে একটি জাহাজ। বাকি দুটি জাহাজ শুক্রবার থেকে পর্যটক পরিবহন শুরু করবে বলে জানিয়েছেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি বলেন, মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাত্রা শুরুর কথা ছিল। নানা জটিলতায় তা পিছিয়ে ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। যাত্রার আগে অগ্নিনিরাপত্তাসহ জাহাজের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করে প্রশাসন।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, পর্যায়ক্রমে অনুমোদন পাওয়া অন্য জাহাজগুলোও চলাচলে যুক্ত হবে। সীমিত পরিসরে হলেও জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপকেন্দ্রিক পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এর আগে বুধবার সন্ধ্যায় কক্সবাজারের বাঁকখালী নদীতে নোঙর করে পর্যটকবাহী তিনটি জাহাজ। যাত্রী পরিবহনের জন্য সংস্কার ও সাজসজ্জার কাজ শেষ করে প্রস্তুত রাখা হয়েছিল সেগুলো। পর্যটকদের বসার চেয়ারসহ প্রয়োজনীয় সরঞ্জামও পরিবর্তন করা হয়।
এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ৮৫০, এমভি কর্ণফুলীর ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানান, আগে থেকে টিকিট সংগ্রহ করা অনেক পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।

