চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সেই উদ্যোগে এখন পর্যন্ত ১১টি মাঠ উন্নয়ন করে খেলার উপযোগী করা হয়েছে। বাকি মাঠগুলোর উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ চলছে বলে জানিয়েছেন মেয়র।
শনিবার নগরীর কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর খেলার মাঠ ও পার্কের সংস্কারকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতি (প্রথম পর্যায়) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেয়র বলেন, হালিশহর এইচ ব্লক, বহুরূপী, ফিরোজশাহ, এস ব্লক ও বিডিআর মাঠসহ ১১টি মাঠের উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ শেষ হয়েছে।
এ ছাড়া হালিশহর শিশু পার্ক মাঠ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলছে। আগ্রাবাদ জাম্বুরি মাঠের কাজও শেষ পর্যায়ে রয়েছে। অন্য ওয়ার্ডগুলোতে মাঠ গড়ে তোলার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরিসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানান মেয়র।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছি।
মেয়র বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব হবে। এ জন্য নগরীতে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংস্কারকাজের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতির (প্রথম পর্যায়) সভাপতি এম. আব্দু শুক্কুর।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আবাসিক এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

