চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরি গ্রামের তিন সন্তানের জননী রাশিদা বেগম স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর ভাগ্য ফেরাতে পাড়ি জমান লেবাননে।
বিদেশের মাটিতে কষ্টার্জিত টাকা দিয়ে বাবার বাড়ির পাশে নিজের নামে জমি কিনে নির্মাণ করেন একতলা বসতবাড়ি। তার ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে একটি পুরনো মামলায় গ্রেপ্তার করানোর পর রাশিদার কাছ থেকে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় প্রভাবশালী নাসির উদ্দীন।
দাবি মতে চাঁদা না দেওয়ায় রাশিদাকে ঘর থেকে বের করে দিয়ে তার ঘরে ২টি তালা ঝুলিয়ে দেয় নাসির উদ্দীনের নেতৃত্বাধীন স্থানীয় চাঁদাবাজচক্র।
এক মাস আতœীয় স্বজনের বাড়িতে থাকার পর চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসির উদ্দীনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলার আবেদন করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান অভিযোগ আমলে নিয়ে নাসির উদ্দীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ২৪ ঘন্টার মধ্যে সকল প্রতিবন্ধকতা অপসারণ করে তার বসতবাড়িতে পুনর্বাসনের জন্য কচুয়া থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দেন।
আদালতের নির্দেশ মোতাবেক কচুয়া থানা পুলিশের একটি টিম আইনগিরি গ্রামে উপস্থিত হয়ে রাশিদা বেগমকে তার বসতঘরে প্রবেশের ব্যবস্থা করেন।

