চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা ১৮ মাসের মধ্যে চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
বুধবার দুপুরে শিল্পাঞ্চলটি পরিদর্শন শেষে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম কারখানাটি চালু হবে।
বেলা সাড়ে ১২টার দিকে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে যান বিজন কান্তি সরকার। সেখানে দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজন কান্তি সরকার বলেন, “মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তাঁরা আমাদের জানিয়েছেন, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করবেন। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গেও আমাদের কথা হয়েছে।”
প্রথম কারখানা চালুর বিষয়ে তিনি বলেন, “১৮ মাসের মধ্যে যে প্রথম কারখানা চালু হওয়ার কথা ছিল, সেটি নিয়েও কাজ চলছে। নির্দিষ্ট সময়েই প্রথম কারখানা চালু হবে।”
এর আগে বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন বিজন কান্তি সরকার। আগের রাতে তিনি কেইপিজেডে অবস্থান করেন। চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশে রওনা দেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

