নিজস্ব প্রতিবেদক>> চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরে সানজু বেগম (৪০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. জাবেদকে রক্তমাখা ছুরিসহ আটক করেছে এসআরবি-৭। উদ্ধার করা হয়েছে, হত্যায় ব্যবহৃত ছুরিটিও।
বুধবার সকাল ৯টার দিকে আদর্শপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের ভাই আকামাম বলেন, সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সানজু ও তার স্বামী মোহাম্মদ জাবেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদ ছুরি দিয়ে সানজুকে উপর্যুপরি আঘাত করেন।
সানজুর ছেলে ফোন করে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বোনকে উদ্ধার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সানজুর মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, স্ত্রী হত্যার ঘটনায় জাবেদকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

