নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড>> চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত একটি লরির পেছনে হাইস মাইক্রোবাসের ধাক্কায় এমদাদুল ইসলাম (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল নরসিংদীর পলাশ থানার রাজনগর এলাকার বাসিন্দা।
কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী হাইস মাইক্রোবাসটি বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সামনের আসনে থাকা এমদাদুল গুরুতর আহত হন।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এমদাদুলকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

