চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটিকে সিসিটির অপারেটর হিসেবে নিয়োগের পত্র প্রক্রিয়াকরণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গত ২৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উন্নয়ন-১ শাখা থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘সিসিটি ও সাধারণ পণ্যবাহী জেটি’ এবং ‘দ্য বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল’ প্রকল্প পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়ে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল আগ্রহ প্রকাশ করেছে।
এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে চিটাগাং কনটেইনার টার্মিনালের অপারেটর হিসেবে নিয়োগের পত্র প্রক্রিয়াকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের ১৯ আগস্ট ২০১৬ তারিখের একটি চিঠিকে সূত্র হিসেবে উল্লেখ করেছে।
মন্ত্রণালয়ের ওই চিঠির অনুলিপি সদয় অবগতির জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
সিসিটি পরিচালনায় সৌদি প্রতিষ্ঠানের যুক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যেই চট্টগ্রাম বন্দরের আরেক কনটেইনার টার্মিনাল নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায়ও বিদেশি অপারেটর আনার উদ্যোগ এগিয়েছে।
গত ১ অক্টোবর এনসিটি ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ১৫ বছরের খসড়া কনসেশন চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পিপিপি কাঠামোর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনালগুলোর একটি সিসিটি। টার্মিনালটির কোয়াই দৈর্ঘ্য প্রায় ৪৫০ মিটার। কনটেইনারবাহী জাহাজ পরিচালনার জন্য সেখানে একাধিক বার্থ রয়েছে।
কনটেইনার ওঠানো-নামানোর জন্য সিসিটিতে চারটি কোয়াই গ্যান্ট্রি ক্রেন রয়েছে।
এছাড়া মোবাইল হারবার ক্রেন, ইন্টারনাল ট্রান্সফার ভেহিকল, রাবার-টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন, স্ট্র্যাডল ক্যারিয়ার ও ফর্কলিফটসহ বিভিন্ন ধরনের কনটেইনার হ্যান্ডলিং সরঞ্জাম রয়েছে।
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমের তথ্য অনুযায়ী, সিসিটির ইয়ার্ড ধারণক্ষমতা ৮ হাজার ৩৭৬ টিইইউ।

