নিজস্ব প্রতিবেদক>> চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের গেটে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরের ২ নম্বর গেটের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম বন্দর সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম নয়, পুরো হাঁসটিই খেয়ে ফেলতে চায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি ইজারা দেওয়া যাবে না।
তিনি বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন।

