চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশায় গরু তুলে চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চক্রের দুই পুরুষ সদস্য পালিয়ে যান। উদ্ধার হয়েছে চুরি করতে নেওয়া গরু ও ব্যবহৃত সিএনজি অটোরিকশা।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চারজনের একটি চক্র সিএনজি অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করে তারা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন ধাওয়া করেন। মো. রিফাতসহ কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন।
ধাওয়ার একপর্যায়ে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় অটোরিকশাটির গতিরোধ করেন স্থানীয় লোকজন। এ সময় দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও দুই নারীকে আটক করা হয়। পরে উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. রিফাত বলেন, সাম্প্রতিক সময়ে ধলঘাট এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার দুপুরে নুরুল চৌধুরীর গরু অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই নারীকে ধরেছি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ দুই নারীকে আটক করেছে। পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

