সিঅ্যান্ডএফ এজেন্টের এক কর্মীকে ওয়াকিটকি দিয়ে আঘাত করার অভিযোগে জুয়েল দে নামে এক বন্দরকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) টার্মিনাল ম্যানেজারের দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জুয়েল দে চবকের ইউনিট-৩, জেনারেল কার্গো বার্থের (জিসিবি) নিম্ন বহিঃসহকারী পদে কর্মরত।
অফিস আদেশ অনুযায়ী, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ‘এ’ পালায় দায়িত্ব পালনের সময় ৮ নম্বর ইয়ার্ডে কনটেইনার কীপাউন্ডকে কেন্দ্র করে সিঅ্যান্ডএফ এজেন্ট টপ ট্রেডের কর্মী জেটি সরকার তরিকুলের সঙ্গে তার বিরোধ হয়।
একপর্যায়ে জুয়েল দে ওয়াকিটকি দিয়ে তরিকুলকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তরিকুল আহত হন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় বন্দরের অপারেশনাল কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং বন্দর ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ঘটনাটিকে দায়িত্ব-কর্তব্যে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করে চাকরির প্রবিধানমালা-৯১-এর ৩৯(ক) ধারায় জুয়েল দেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে জুয়েল দে বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তাকে প্রতিদিন পরিচালক (ট্রাফিক), চবকের দপ্তরের সংস্থাপন শাখায় হাজিরা দিতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগও করতে পারবেন না তিনি।
এদিকে সিঅ্যান্ডএফ এজেন্স কর্মচারী ইউনিয়নের বন্দর বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। আশা করছি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না।’

