সুপ্রভাত ডেস্ক>> সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে ২৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে তাঁদের সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষ হয়। এ নিয়ে মামলাটিতে ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
দুদকের পিপি মোকাররম হোসাইন জানান, আগামী ২১ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে ওই অর্থ বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফারমান উল্লাহ চৌধুরীকে মালিক দেখিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়। পরে ওই প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠান। বিদেশে সম্পত্তি কেনার জন্য ওই অর্থ ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

