নিজস্ব প্রতিবেদক>> চট্টগ্রামের সাতকানিয়ায় জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ হত্যা মামলায় ১০ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ জানায়, ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে জাহিদুলকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর মামলার আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যান।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্তের পর জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ঘটনার রাতে সাড়ে ১০টার দিকে জাহিদুল তার বন্ধু মোহাম্মদ ওয়াহিদকে সঙ্গে নিয়ে বাজালিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে একদল ব্যক্তি সড়কে ব্যারিকেড দিয়ে তাদের মোটরসাইকেল থামায়। পরে তারা জাহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।
জাহিদুলকে বাঁচাতে এগিয়ে গেলে ওয়াহিদও হামলায় গুরুতর আহত হন।
পরে জাহিদুলকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচ দিন পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় হত্যা মামলা করা হয়।
নিহত জাহিদুল পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে সর্বহারা নূরুর ছেলে।
পুলিশের তথ্যমতে, জাহিদুলের বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১০৪টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফেরেন।

