বর্তমান প্রজন্মের জীবনে মোবাইল ইন্টারনেট একদিকে যেমন সম্ভাবনার অসীম দুয়ার উন্মোচন করেছে। তথ্য প্রাপ্তির সহজলভ্যতা যেমন বেড়েছে, তেমনি এর অপব্যবহার অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করে তুলেছে এক গভীর আসক্তির জালে। এই আসক্তি বিশেষ করে তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও মানবিক মূল্যবোধকে নিঃশব্দে ক্ষয় করে দিচ্ছে। এর বিপরীতে বইপাঠ হতে পারে এক শক্তিশালী প্রতিরোধমাধ্যম। যা কেবল চিন্তা করতে নয়, গভীরভাবে অনুভব করতেও শেখাবে এবং জাগিয়ে তুলবে মননের দীপ্তি ও মানবিকতার সুর। এই প্রেক্ষাপটে বাংলাসাহিত্যের কালজয়ী কথাশিল্পী আবু ইসহাকের সাহিত্য আজও ভীষণ প্রাসঙ্গিক, অনুপ্রেরণাময় এবং সময়োপযোগী।
বাংলা সাহিত্যের ইতিহাসে আবু ইসহাক এক মৃদুভাষী নিঃসঙ্গ লেখক। তাঁর রচনাসম্ভার বেশ স্বল্প হলেও বাংলাদেশের কথাসাহিত্যের ইতিহাসে প্রভাব বিস্তারকারী এবং চিরস্মরণীয় ঔপন্যাসিক হিসেবে তিনি প্রতিষ্ঠিত। ১৯২৬ সালের ১ নভেম্বর বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে স্থানীয় বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৪ সালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। পিতার আকস্মিক মৃত্যু তাঁর শিক্ষাজীবনে এক বড় বাধা হয়ে দাঁড়ায়। সংসারের দায়ভার কাঁধে তুলে নিতে বাধ্য হয়ে তিনি জীবিকার তাগিদে সিভিল সাপ্লাই বিভাগে পরিদর্শক পদে যোগ দেন।
এই সময় বিশ্বজুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার প্রভাব উপমহাদেশের অর্থনীতি ও সমাজে গভীর সংকট সৃষ্টি করেছিল। তাঁর চাকরিটি স্থায়ী ছিল না, ফলে অল্পদিনের মধ্যেই সেটি হারাতে হয়। পরবর্তীতে ১৯৪৯ সালে তিনি পুলিশ বিভাগে উপপরিদর্শক হিসেবে যোগ দেন। চাকরির পাশাপাশি তাঁর সাহিত্যচর্চাও চলতে থাকে। এই সময়েই তিনি তাঁর প্রথম উপন্যাস রচনা করেন, যদিও তা প্রকাশের সুযোগ পাননি প্রথমদিকে। ১৯৫১ সালে ‘মাহে নও’ পত্রিকায় উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হলেও গ্রন্থাকারে প্রকাশের জন্য কোনো প্রকাশক এগিয়ে আসেননি।
১৯৫৩ সালে তাঁকে ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। এরই মধ্যে তিনি দ্বিতীয় উপন্যাস ‘জাল’ রচনা শেষ করেন। তবে এই উপন্যাস প্রকাশের আগেই কলকাতা থেকে প্রকাশিত হয় তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি ‘সূর্য-দীঘল বাড়ী’। এই গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি বাংলা সাহিত্যের অঙ্গনে এক গুরুত্বপূর্ণ লেখক হিসেবে স্বীকৃতি পান। তাঁর সাহিত্যজীবনের এই সাফল্য তাঁকে সামনের দিকে এগিয়ে নিলেও তিনি নিয়মিত লেখালেখিতে সক্রিয় ছিলেন না।
চাকরি সূত্রে তিনি করাচিতে যান এবং পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত হন। চাকরির পাশাপাশি তিনি আবার পড়াশোনা শুরু করেন এবং ১৯৬০ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথম উপন্যাস প্রকাশের পর ১৯৬২ সালে তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘হারেম’ প্রকাশিত হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে বইটির প্রথম সংস্করণ আগুনে পুড়ে যায়। বহু বছর পর, ১৯৮২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়, যা মূলত পাঠকের কাছে প্রথমবার পৌঁছায়।
১৯৬৩ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘মহাপতঙ্গ’। এই গল্পে তিনি একজোড়া চড়ুই পাখির জবানিতে একদিকে বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপের বিষয়টি তুলে ধরেছেন। এরপর দীর্ঘ বিরতি শেষে ১৯৮৬ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় উপন্যাস ‘পদ্মার পলিদ্বীপ’। এই উপন্যাসের রচনাকাল ছিল প্রায় পঁচিশ বছর, ১৯৬০ থেকে ১৯৮৫ পর্যন্ত। এর মাধ্যমে তাঁর সাহিত্যচর্চার ধীরগতি স্পষ্ট হয়ে ওঠে। যদিও ১৯৮৯ সালে তাঁর গোয়েন্দা উপন্যাস ‘জাল’ প্রকাশিত হয়, এটি মূলত অনেক আগেই রচিত হয়েছিল। তাঁর শেষ গ্রন্থ ‘স্মৃতি বিচিত্রা’ প্রকাশিত হয় ২০০১ সালে।
প্রায় ছয় দশকের দীর্ঘ সাহিত্যজীবনে তাঁর রচনার সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও এর গভীরতা ও তাৎপর্য অসাধারণ। তিনি ‘সমকালীন বাংলাভাষার অভিধান’ প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজেও নিজেকে নিয়োজিত রাখেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁর জীবনেও বিপর্যয় নেমে আসে। পাকিস্তান সরকার তাঁর বিরুদ্ধে বাঙালিদের পক্ষে কাজ করার অভিযোগ এনে তাঁকে গৃহবন্দি করে রাখে। স্বাধীনতার পরও তিনি মুক্তি পাননি। অবশেষে ১৯৭৩ সালে নানা কৌশলে পাকিস্তান ত্যাগ করে আফগানিস্তান হয়ে বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় পুনরায় যোগ দেন। পরবর্তীতে তিনি বার্মা ও ভারতে কূটনৈতিক দায়িত্ব পালন করেন এবং শেষে খুলনা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করে ১৯৮৪ সালে অবসরগ্রহণ করেন।
আবু ইসহাকের সাহিত্যচর্চার পটভূমি ছিল অত্যন্ত সংকটময় সময়। বিশেষ করে ১৯৪৩ সালের দুর্ভিক্ষ তাঁর চিন্তাভাবনা ও লেখায় গভীর প্রভাব ফেলে। তিনি শহুরে মধ্যবিত্ত জীবনের পরিবর্তে গ্রামীণ দরিদ্র মানুষের জীবনসংগ্রামকে তাঁর সাহিত্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন।
তাঁর সাহিত্যকীর্তির শীর্ষে রয়েছে ‘সূর্য-দীঘল বাড়ী’। এটি একটি কালজয়ী উপন্যাস, যা বাংলা সাহিত্যে সামাজিক বাস্তবতার এক অনন্য দলিল। এই উপন্যাসে ফুটে উঠেছে পঞ্চাশের মন্বন্তর ও ভারতবিভাজন-পরবর্তী গ্রামীণ জীবনের নির্মম বাস্তবতা। দারিদ্র্য, কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি এবং সামাজিক শোষণের করুণ চিত্র এখানে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। এতে দুর্ভিক্ষ, দেশভাগ এবং গ্রামীণ মুসলিম সমাজের করুণ বাস্তবতা অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপিত হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জয়গুন এক সংগ্রামী নারীর প্রতীক, যিনি প্রতিকূলতার মাঝেও সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। সমাজের অমানবিকতা, কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং পুরুষতান্ত্রিক বাধার বিরুদ্ধে তাঁর এই সংগ্রাম মানবজীবনের চিরন্তন প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
‘সূর্য-দীঘল বাড়ী’ নামটিও প্রতীকধর্মী, যা গ্রামীণ বিশ্বাসে অশুভ। আর সেই অশুভ ছায়াই জয়গুনের জীবনের দীর্ঘস্থায়ী দুঃখের প্রতিরূপ। আবু ইসহাক তাঁর এই উপন্যাসে যে সমাজচিত্র তুলে ধরেছেন, তা নিছক কাহিনি নয়, বরং এক ঐতিহাসিক বাস্তবতার দলিল। জয়গুন চরিত্রের মাধ্যমে তিনি এক সংগ্রামী নারীর জীবনচিত্র তুলে ধরেছেন, যা পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। তাঁর সহজ, প্রাঞ্জল ভাষা এবং বাস্তবধর্মী বর্ণনার মাধ্যমে তিনি গ্রামীণ জীবনের অন্তর্গত বেদনা, সংগ্রাম ও প্রতিরোধকে জীবন্ত করে তুলেছেন। তাঁর লেখনীতে কোনো কৃত্রিমতা নেই, আছে নির্মোহ সত্যের সাহসী প্রকাশ। এই উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপদান করেছেন শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের, ১৯৭৯ সালে।
‘পদ্মার পলিদ্বীপ’ উপন্যাসে তিনি পদ্মার বুকে জেগে ওঠা নতুন চরের দখল নিয়ে দুই পক্ষের সংঘাত, খুন, হিংসাবিদ্বেষ, স্বার্থপর মানুষের লোভের চিত্র তুলে ধরেছেন। আর তিনি যখন পুলিশে কর্মরত ছিলেন, তখন জাল নোটের মামলা তদন্ত করেছিলেন। সেখান থেকে ‘জাল’ উপন্যাসে রহস্য ও গোয়েন্দা কাহিনির স্বাদ দিয়েছেন। তাঁর গল্পগ্রন্থগুলোতেও সাধারণ মানুষের জীবন, সুখ-দুঃখ, সংগ্রাম ও বাস্তবতা ফুটে উঠেছে। তিনি কৃত্রিম অলংকারের পরিবর্তে সরল ভাষায় গভীর বক্তব্য প্রকাশে পারদর্শী ছিলেন। তাঁর সাহিত্য কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বাস্তবচিত্র তুলে ধরার এক নিরপেক্ষ প্রয়াস। স্বল্পসংখ্যক রচনাসত্ত্বেও তাঁর সাহিত্য গভীরতা, বাস্তবতা ও মানবিক আবেদন তাঁকে বাংলা সাহিত্যে এক অনন্য আসনে প্রতিষ্ঠিত করেছে।
তাঁর সাহিত্যকর্মের জন্য তিনি বহু পুরস্কারে ভূষিত হন, যার মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৩), একুশে পদক (১৯৯৭) এবং মরণোত্তর স্বাধীনতা পদক (২০০৪)।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন সৎ, ন্যায়পরায়ণ এবং দৃঢ়চেতা। পুলিশ কর্মকর্তা হিসেবেও তিনি সততা ও নীতির পরিচয় দিয়েছেন। তাঁর মানবিক মূল্যবোধ তাঁকে একজন মহান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সূর্য-দীঘল বাড়ী, এটি শুধু একটি উপন্যাস নয়, বরং সমাজকে বোঝার একটি আয়না। ডিজিটাল যুগে, যেখানে মানুষ ভার্চুয়াল জগতে ক্রমশ নিমগ্ন হয়ে পড়ছে, সেখানে আবু ইসহাকের মতো সাহিত্যিকদের অবদান আমাদের সাহিত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের রচনার মাধ্যমে আমরা আমাদের সমাজ, ইতিহাস ও মানবিকতার গভীর সত্য উপলব্ধি করতে পারি।
‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক মূল্যবান দিকনির্দেশনা। এটি আমাদের বইয়ের জগতে ফিরে আসার অনুপ্রেরণা জোগায়, যা আমাদের মানসিক মুক্তির পথ খুলে দেয়।
সুতরাং, আবু ইসহাক কেবল একজন লেখক নন, তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর সৃষ্টি চিরকাল পাঠকদের অনুপ্রাণিত করবে এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে থাকবে।

