সুপ্রভাত ডেস্ক>> চট্টগ্রামের সন্দ্বীপে দুবুর্ত্তদের গুলিতে নাসির উদ্দীন বাবুল নামে শ্রমিক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিজ বাড়ির সামনে বাবুলকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।
তিনি বলেন, ‘নাসির উদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। শুক্রবার রাতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, কারা এবং কী কারণে বাবুলের ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‘হামলাকারীদের শনাক্ত এবং ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে,’ বলেন তিনি।

