চট্টগ্রামের পটিয়ায় রাস্তা পার হওয়ার সময় লেগুনার চাপায় তাসপিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গৈড়লারটেক এলাকায় একটি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহত তাসপিয়া বাঁশখালী উপজেলার আবু হানিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরী থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা গৈড়লারটেক এলাকায় পৌঁছালে সড়ক পার হচ্ছিল তাসপিয়া। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় লেগুনার চাপায় শিশুটির মৃত্যু হয়। গাড়ির ধাক্কায় ও উল্টে যাওয়ার ঘটনায় আহত হন আরও তিনজন।
আহত ব্যক্তিরা হলেন পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণা সরকার সেতু বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় তিনি বিস্তারিত জানাতে পারেননি।

