এক টুকরো মেঘ ছুটলো, নীল আকাশে ওই
একটুখানি দাঁড়িয়েছিল, এখন গেলো কই
কাশফুলেরা ফুটলো বনে মেঘের ইশারায়
একটু হাসে একটু কাঁদে শরৎ মেঘে হায়!
রঙধনুটা পুব আকাশে সাতটি রঙে হাসে
শরৎ বলে, রঙধনুটা ভীষণ ভালোবাসে
বিকেল নামে হাঁটি পায়ে, ধীরে ধীরে ধীরে
পাখিরা সব ছানা বুকে ফিরছে সুখের নীড়ে!
বিকেল পরে সন্ধ্যা আসে ঝিরঝিরঝির ঝির
শান্তশীতল দিঘির কোলে জোনাকিদের ভিড়
চাঁদের আলোয় ওইতো ভাসে তুলতুলতুল মেঘ
সবুজ মাঠে সবুজ ধানের গন্ধে ভরা আবেগ!
শরৎ এলো নেচে গেয়ে এইতো সবুজ গাঁয়ে
সামনে পিছে আকাশ নীচে শরৎ ডানে-বাঁয়ে
পৃথিবী আজ শরৎ ছোঁয়ায় রাজকুমারী রূপ
মৌ মৌ মৌ সুরভিত সুগন্ধিত ধূপ!

