সুপ্রভাত ডেস্ক >>
যুদ্ধকালীন ঝুঁকিপূর্ণ নৌরুট এড়িয়ে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে বাংলাদেশে আসছে এক লাখ টনের বেশি অপরিশোধিত তেলবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’। আগামী শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সাধারণত সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে লোহিত সাগর হয়ে জ্বালানি তেলবাহী জাহাজ ১৩ থেকে ১৫ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। তবে নিরাপত্তাজনিত কারণে এবার সুয়েজ খাল ও লোহিত সাগরের ঝুঁকিপূর্ণ নৌপথ এড়িয়ে দীর্ঘ সমুদ্রপথে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে আসতে হচ্ছে জাহাজটিকে। এতে চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগছে প্রায় ৫২ দিন। পাশাপাশি আগের তুলনায় নৌপথ বেড়েছে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল।
দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় জাহাজটির পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত এই যাত্রায় কয়েক মিলিয়ন ডলার বাড়তি খরচ হতে পারে।
গত ২৩ জুলাই যাত্রা শুরু করা ‘এমটি নিনেমিয়া’ জাহাজে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য রয়েছে প্রায় ১ লাখ ৪ হাজার টন অপরিশোধিত তেল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, আগামী শনিবার ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রুড অয়েলবাহী জাহাজের বার্থিং, লাইটারিং, চলাচল ও খালাস কার্যক্রমে অগ্রাধিকার দিয়ে আসছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তাঝুঁকির কারণে জাহাজের রুট পরিবর্তন হওয়ায় সময় ও পরিবহন ব্যয় দুটোই বাড়ছে। এর প্রভাব দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কতটা পড়বে, সেটিও এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

