প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, পরে দরকষাকষিতে ১০ লাখ। এর মধ্যে অপহৃত শিক্ষককে মারধর করে তার কান্নার শব্দ স্ত্রীকে মুঠোফোনে শোনায় অপহরণকারীরা। চট্টগ্রামের লোহাগাড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অপহরণের এ ঘটনায় তার দুই কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে শিক্ষককেও উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিক্ষকের নাম স্বরুপ কান্তি দাশ (৫০)। তিনি পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গ্রেপ্তার দুজন হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সীপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদারপাড়ার মৃত শাহ জাহানের ছেলে নেজাম উদ্দিন (৪৮)।
সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া থানার সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন স্বরুপ কান্তি দাশ। সকাল ৯টা ৫ মিনিটের দিকে পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এরপর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শিক্ষকের ব্যবহৃত মুঠোফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে (৪৪) ফোন করে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। স্বামীকে জীবিত ফেরত পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরে একাধিকবার ফোন করে অপহরণকারীরা শিক্ষককে মারধর করে তাঁর কান্নার শব্দ স্ত্রীকে শোনায়। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা নিয়ে স্ত্রীকে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলা হয়।
এদিকে অপহরণের খবর পেয়ে শিক্ষককে উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে লোহাগাড়া থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে সাতকানিয়া থানার অধীন কেরানীহাট এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে স্বরুপ কান্তি দাশকে উদ্ধার এবং রফিক উদ্দিন ও নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিস পেপার উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তাঁরা স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে শিক্ষককে অপহরণ করেন তাঁরা।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

