চট্টগ্রাম নগরের কাপাসগোলা সড়কের দোহা ফুডে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই তৈরি ও বিক্রি হচ্ছিল বিস্কুট, কেক ও মিষ্টিজাতীয় বিভিন্ন পণ্য। এসব পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের মানচিহ্নও। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
একই অভিযানে গুলজার মোড়ের মস্কো বেকার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ছাড়াই বিস্কুট ও পাউরুটির বিভিন্ন ধরন বিক্রি করছিল। পাশাপাশি সোনপাপড়ির মোড়কে ব্যবহার করছিল বিএসটিআইয়ের মানচিহ্ন।
দোহা ফুডকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় এবং মস্কো বেকার্সকে একই আইনের ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি উভয় প্রতিষ্ঠানকে সব ধরনের পণ্যের জন্য দ্রুত সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলাম। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

