নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালের পানিতে ডুবে মুহাম্মদ মিনহাজ নামে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকার রাজখালী খালে এ ঘটনা ঘটে।
মিনহাজ ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। সে ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে এক বন্ধুর সঙ্গে রাজখালী খালের পাড়ে বেড়াতে গিয়েছিল মিনহাজ। একপর্যায়ে অসাবধানতাবশত খালে পড়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। তার বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে মিনহাজকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল আলম বলেন, অসুস্থতার কারণে তিন দিন আগে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তাকে আবার মাদ্রাসায় নিয়ে আসার কথা ছিল।
“মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছিল। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত,” বলেন তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

